হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আরও কয়েক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। গত সোমবার এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিশ বাড়ানোর কথা জানিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয়। এতে সীমিত বৈশ্বিক গ্যাস সরবরাহ নিয়ে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে পারে এবং গ্যাসের দামও উচ্চ পর্যায়ে থাকতে পারে।
ইতালির অন্যতম বড় এলএনজি ক্রেতা এডিসন জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত কাতার এনার্জির কাছ থেকে কোনো এলএনজি কার্গো পাবে না তারা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্নের পর গত এপ্রিলে ‘ফোর্স মেজর’ ঘোষণা দিয়েছিল কাতার এনার্জি। এরপর কয়েক দফায় ওই ঘোষণা বাড়ানো হয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, ইরান সংঘাতের কারণে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া দেশগুলোর একটি কাতার। আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৫০৯টি।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার
