দেশের চলমান বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল শনিবার (১১ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া বিষয়টির নাম ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি), যার বিষয় কোড-২৭৫।
আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোন কোন জেলায় পরীক্ষা স্থগিত?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের সার্বিক পরিস্থিতি বেশ খারাপ। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা— চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার শনিবারের আইসিটি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষা কবে হবে?
১১ জুলাইয়ের স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জরুরি মাইকিংয়ের নির্দেশ
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে অনেক শিক্ষার্থী খবরটি নাও পেতে পারে। তাই বিজ্ঞপ্তিতে একটি বিশেষ নির্দেশনায় বলা হয়েছে— সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মাইকিং করে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি পরীক্ষার্থী ও অভিভাবকদের জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
খোলাবই-এর পরামর্শ:
দুর্যোগপূর্ণ এই সময়ে সকল পরীক্ষার্থী ও তাদের পরিবারকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানাচ্ছে খোলাবই। আতঙ্কিত না হয়ে পরবর্তী পরীক্ষার জন্য বাড়িতে বসেই প্রস্তুতি চালিয়ে যাও। স্থগিত হওয়া পরীক্ষার নতুন রুটিন বা শিক্ষা বোর্ডের যেকোনো আপডেট আসা মাত্রই আমরা খোলাবই প্ল্যাটফর্মে জানিয়ে দেবো।
সঠিক ও দ্রুত পড়াশোনার খবরের জন্য যুক্ত থাকো খোলাবই-এর সাথেই!
