খোলাবই পরিবারের সবাইকে স্বাগত জানাই “নিজেই বানান ওয়েবসাইট” সিরিজের পঞ্চম পর্বে। গত পর্বে ডোমেইন-হোস্টিং কেনা হয়েছে, ওয়েলকাম ইমেইলে cPanel-এর ঠিকানা আর পাসওয়ার্ড এসেছে। আজ সেই দরজা খুলে ভেতরে ঢুকব। cPanel প্রথমবার খুললে পঞ্চাশ-ষাটটা আইকন দেখে অনেকে ঘাবড়ে যান — আমিও গিয়েছিলাম। সত্যি কথাটা হলো, এর মধ্যে পাঁচ-ছয়টা জিনিস জানলেই আপনার ৯০% কাজ চলে যায়; বাকিগুলো দরকার পড়লে তখন শিখলেই হয়। আজ শুধু সেই কয়টাই।
cPanel-এ ঢোকার দুটি পথ
পথ ১ — সরাসরি: ব্রাউজারে আপনারডোমেইন.com/cpanel লিখুন (অথবা ওয়েলকাম ইমেইলের সার্ভার-ঠিকানা:2083)। ইউজারনেম-পাসওয়ার্ড ইমেইল থেকে। ডোমেইন সদ্য কেনা হলে propagation শেষ না হওয়া পর্যন্ত সার্ভার-ঠিকানার লিংকটাই কাজ করবে।
পথ ২ — ক্লায়েন্ট এরিয়া থেকে: হোস্টিং কোম্পানির ক্লায়েন্ট এরিয়ায় লগইন করে My Services → আপনার হোস্টিং → “Login to cPanel”। পাসওয়ার্ড লাগে না, এক ক্লিকে ঢুকে যায়। আমি দৈনন্দিন কাজে এটাই ব্যবহার করি — পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নেই, আর ক্লায়েন্ট এরিয়ায় 2FA থাকলে cPanel-ও সুরক্ষিত।
ঢুকেই ডান পাশে (বা ওপরে) “General Information”-এ দেখবেন আপনার ইউজারনেম, সার্ভারের নাম, IP, আর বাঁয়ে/ওপরে একটা সার্চ বক্স। এই সার্চ বক্সটাই আপনার বন্ধু: যা খুঁজছেন তার নাম লিখলেই আইকনটা সামনে চলে আসে, মেনু মুখস্থ করতে হয় না।
১. File Manager — আপনার সাইটের ফাইলপত্র
এটাই সার্ভারের ভেতরের “ফোল্ডার”। সবচেয়ে জরুরি ফোল্ডারের নাম public_html — এর ভেতরে যা থাকে, সেটাই ইন্টারনেটে দেখা যায়। ওয়ার্ডপ্রেস ইনস্টল হলে এখানেই তার ফাইলগুলো বসবে (wp-content, wp-admin ইত্যাদি)।
যা যা করতে পারবেন: ফাইল আপলোড (Upload বোতাম — পিডিএফ, ছবি, যেকোনো ফাইল সরাসরি), ডাউনলোড, নতুন ফোল্ডার, ফাইলের নাম বদল, এবং Edit — ছোটখাটো টেক্সট ফাইল ব্রাউজারেই সম্পাদনা। পরে কখনো সাইট “সাদা হয়ে গেলে” কোনো প্লাগইনের ফোল্ডারের নাম বদলে সেটা বন্ধ করা — এই File Manager থেকেই করবেন (পর্ব ১০-এ)।
২. Domains — একটা অ্যাকাউন্টে অনেক সাইট
“Domains” আইকনে আপনার মূল ডোমেইন দেখবেন। এখান থেকেই দুটো জিনিস করা যায়:
Addon domain / নতুন ডোমেইন যোগ: আরেকটা আলাদা ডোমেইন একই হোস্টিংয়ে চালানো। প্ল্যানে যতগুলো “websites” লেখা, ততগুলো যোগ করা যায়। প্রতিটি ডোমেইনের জন্য আলাদা ফোল্ডার (document root) তৈরি হয়।
Subdomain: মূল ডোমেইনের নিচে আলাদা ঠিকানা — যেমন result.আপনারস্কুল.com বা admission.আপনারস্কুল.com। এগুলো সাধারণত সীমাহীন ও বিনামূল্যে, এবং প্রতিষ্ঠানের জন্য দারুণ কাজের: ফলাফল, ভর্তি, লাইব্রেরি — প্রতিটির জন্য আলাদা ছোট সাইট বা অ্যাপ।
আমার অভিজ্ঞতা
আমার একটা cPanel অ্যাকাউন্টেই মূল সাইট kholaboi.info-র পাশে অ্যাডঅন ডোমেইন হিসেবে বইয়ের দোকান kholaboi.com চলছে, আর কয়েকটা সাবডোমেইনে আলাদা আলাদা কাজের সাইট। নতুন একটা প্রকল্প শুরু করতে আমার আলাদা হোস্টিং কিনতে হয় না — Domains-এ গিয়ে একটা সাবডোমেইন বানাই, দু-মিনিটে নতুন ঠিকানা তৈরি। স্কুলের জন্য এটা মাথায় রাখুন: মূল সাইট একটা, কিন্তু ভবিষ্যতে ফলাফল পোর্টাল বা অনলাইন ভর্তির আলাদা ঠিকানা লাগলে সাবডোমেইনই যথেষ্ট।
৩. Email Accounts — নিজের ডোমেইনে ইমেইল
“Email Accounts” → Create। ইউজারনেম (যেমন office, principal, admission), পাসওয়ার্ড, আর স্টোরেজ কোটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি। সঙ্গে সঙ্গে office@আপনারস্কুল.com চালু। মেইল পড়ার তিনটি উপায়: cPanel-এর Webmail (ব্রাউজারে, আপনারডোমেইন/webmail), মোবাইলের Gmail/Outlook অ্যাপে অ্যাকাউন্ট যোগ করে (Email Accounts → Connect Devices-এ সেটিংস দেওয়া থাকে), অথবা জিমেইলে ফরওয়ার্ড করে।
একই জায়গায় Forwarders আছে — info@ ঠিকানায় যা আসবে সব অধ্যক্ষের জিমেইলে চলে যাবে, এমন নিয়ম বানানো যায়। cPanel ইমেইল শুরুর জন্য যথেষ্ট; কখন Google Workspace-এ যাবেন আর SPF-DKIM কী, সেটা পর্ব ৯-এ আলাদা করে বলব।
৪. Zone Editor — ডোমেইনের “ঠিকানা-বই”
গত পর্বে বলেছিলাম, হোস্টিংয়ের নেমসার্ভার ব্যবহার করলে DNS-এর সব কাজ cPanel-এ হয়। সেই জায়গাটাই Zone Editor। এটা আপনার ডোমেইনের ঠিকানা-বই: কে জিজ্ঞেস করলে কোন ঠিকানায় পাঠাতে হবে, সব এখানে লেখা। প্রধান চার ধরনের রেকর্ড চিনে রাখুন:
A রেকর্ড — ডোমেইন কোন সার্ভারের IP-তে যাবে। CNAME — একটা নাম আরেকটা নামের দিকে ইঙ্গিত (যেমন www → মূল ডোমেইন)। MX — ইমেইল কোন সার্ভারে যাবে (Google Workspace নিলে এখানেই বদলাতে হবে)। TXT — যাচাইয়ের টেক্সট: গুগল সার্চ কনসোল, ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন, SPF, DKIM — সব TXT রেকর্ড।
নতুন সাইটে Zone Editor-এ হাত দেওয়ার দরকার প্রায় পড়ে না — হোস্ট সব আগে থেকে বসিয়ে রাখে। দরকার পড়বে তিন ক্ষেত্রে: (১) গুগল/ফেসবুকে ডোমেইন ভেরিফাই করতে TXT যোগ, (২) Google Workspace-এর MX, (৩) কোনো সাবডোমেইনকে বাইরের কোনো সার্ভিসে (যেমন Google Sites, Blogger) পাঠাতে CNAME।
আমার অভিজ্ঞতা
এই পর্ব লেখার কিছুদিন আগে নিজের একটা ডোমেইনের DNS যাচাই করতে গিয়ে একটা শিক্ষা পেলাম, যেটা অনেকের কাজে লাগবে। Zone Editor-এ A, MX, TXT — সবই আপনি বদলাতে পারবেন, কিন্তু NS রেকর্ড (নেমসার্ভার) আর SOA cPanel ব্যবহারকারী নিজে বদলাতে পারেন না; ওটা সার্ভারের মালিকের (হোস্টের) হাতে। আমার ডোমেইনে ওই রেকর্ডগুলোতে একটা পুরোনো ডিফল্ট মান রয়ে গিয়েছিল, যা সাইট চলায় বাধা দিচ্ছিল না, কিন্তু DNS পরীক্ষার টুলে সতর্কবার্তা দেখাচ্ছিল। সমাধান: হোস্টকে একটা টিকিটে বলা — তারা মিনিটখানেকে ঠিক করে দেয়। শিক্ষাটা হলো: intodns.com বা mxtoolbox.com-এ বছরে একবার নিজের ডোমেইন পরীক্ষা করে নিন; লাল দাগ দেখলে ঘাবড়াবেন না, যেটা নিজে পারেন না সেটা হোস্টকে বলুন।
৫. SSL/TLS Status — তালা চিহ্নটা
“SSL/TLS Status” খুললে আপনার সব ডোমেইন-সাবডোমেইনের তালিকা, পাশে সবুজ তালা (সার্টিফিকেট আছে) বা লাল চিহ্ন। ভালো হোস্টে AutoSSL দিনে একবার নিজে থেকেই চলে, নতুন ডোমেইনে কয়েক ঘণ্টার মধ্যে সার্টিফিকেট বসায়, মেয়াদ শেষের আগে নিজেই নবায়ন করে। লাল দেখলে “Run AutoSSL” বোতামে চাপ দিন — বেশিরভাগ ক্ষেত্রে মিনিট দুয়েকে সবুজ। তবু লাল থাকলে কারণ সাধারণত একটাই: ডোমেইনের DNS এখনো এই সার্ভারে আসেনি (propagation বাকি, বা নেমসার্ভার ভুল)।
ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর সাইট যেন সবসময় https://-এ খোলে, সেটা পরের পর্বে সেটিংসে দেখাব। এখানে শুধু নিশ্চিত হোন সার্টিফিকেট আছে।
৬. Backup — নিজের জিনিস নিজের কাছে
“Backup” বা “Backup Wizard” থেকে Full Account Backup তৈরি করে ডাউনলোড করা যায় — আপনার সব ফাইল, ডেটাবেস, ইমেইল এক ফাইলে। অনেক হোস্টে আলাদা JetBackup বা সমতুল্য আইকন থাকে, যেখানে হোস্টের নেওয়া দৈনিক ব্যাকআপ থেকে নির্দিষ্ট দিনের ফাইল বা পুরো সাইট এক ক্লিকে ফিরিয়ে আনা যায়। একটা অভ্যাস আজই করুন: মাসে একবার Full Backup নামিয়ে গুগল ড্রাইভে রাখুন। হোস্টের ব্যাকআপ হোস্টের সার্ভারেই থাকে; সার্ভারে বড় কোনো দুর্ঘটনা হলে দুটোই যায়।
বাকি যা চিনে রাখা ভালো (এখনই শিখতে হবে না)
Softaculous Apps Installer — এক ক্লিকে ওয়ার্ডপ্রেস; পরের পর্বের পুরোটাই এটা নিয়ে। MySQL Databases / phpMyAdmin — ওয়ার্ডপ্রেসের ডেটাবেস থাকে এখানে; Softaculous নিজেই বানিয়ে নেবে, হাত দিতে হবে না। Select PHP Version — ওয়ার্ডপ্রেস কোনো দিন “PHP version too old” বললে এখানে এসে নতুন সংস্করণ বাছবেন। Metrics → Disk Usage, Bandwidth, Awstats — জায়গা কত খরচ হলো, ভিজিটর কত এল। Cron Jobs — নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় কাজ; এখন লাগবে না।
এক নজরে: cPanel-এ আজই যে পাঁচটি কাজ করে রাখবেন
১. ক্লায়েন্ট এরিয়া থেকে “Login to cPanel” চিনে রাখুন; সার্চ বক্স ব্যবহার করুন
২. File Manager খুলে public_html চিনে রাখুন — আপাতত কিছু বদলাবেন না
৩. Email Accounts-এ একটি ইমেইল (যেমন office@) তৈরি করে Webmail-এ ঢুকে দেখুন
৪. SSL/TLS Status-এ ডোমেইনের পাশে সবুজ তালা নিশ্চিত করুন
৫. Backup থেকে একটা Full Backup নামিয়ে দেখুন কীভাবে হয় — পরে অভ্যাস হয়ে যাবে
আজকের পর্ব এখানেই। cPanel নিয়ে ভয় কেটে গেলে বাকিটা সহজ। পরের পর্বে আসল মজা — এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল, বাংলা ভাষা সেটিং, প্রথম লগইন আর শুরুতেই যে সেটিংসগুলো বদলে নিলে পরে পস্তাতে হয় না। কোনো আইকন নিয়ে প্রশ্ন থাকলে মন্তব্যে লিখুন।
পরের পর্বে
পর্ব ৬: এক ক্লিকে ওয়ার্ডপ্রেস — প্রকাশিত হবে ২২ নভেম্বর ২০২৬, রবিবার রাত ৮টায়। প্রকাশের পর সিরিজের মূল পাতায় লিংক পাবেন।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার
