চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণ এবং সার্বিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এক জরুরি সভা আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানমালার সফল আয়োজন, সংশ্লিষ্ট সবার মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা উদযাপন সবার সম্মিলিত প্রয়াসের বিষয়। হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালাকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার
