জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে ৭০ টাকা লোকসান দিতে হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। এসময় রুহুল কবির রিজভী সরকারের জনস্বার্থমূলক উদ্যোগগুলো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘সেখানে পতিত স্বৈরাচার থাকতে পারে। আলামত দেখে মনে হচ্ছে নতুন দোসররাও ভূগর্ভস্থ কোনো গোপন কক্ষে বোধ হয় হাত মেলাচ্ছে। আপনারা দেখছেন, ঢাকা শহরসহ বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। এগুলোও করা হচ্ছে ভূগর্ভস্থ কোনো গোপন কক্ষে শুধু পরাজিত শক্তি নয়, তার সঙ্গে আরও কেউ কেউ হাত মেলাচ্ছেন কি না এটা জনগণের মধ্যে বড় করে প্রশ্ন দেখা দিয়েছে।’
জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে যেখানে মানুষ কষ্ট পেত সেসব জায়গাগুলো এড্রেস করেছে এই সরকার এবং সরকার প্রধান তারেক রহমান।’ তিনি আরও বলেন, ‘জ্বালানি তেলের মূল্য ২০ টাকা বাড়ানো হয়েছে। এখানে লোকসান যায় প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। এই সময়ে প্রতি মাসে লোকসান ছিল ৩ হাজার ৮১৩ কোটি টাকা। দেশে মোট জ্বালানি তেলের ব্যবহার ৭০ লাখ মেট্রিক টন। যার মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘ডিজেলের দাম গতকাল পর্যন্ত লিটারপ্রতি ১১৫ টাকা ছিল। আর ভারতে প্রায় ১৩৪ টাকা। তেল পাচার হচ্ছে, সেখানে কী করবে সরকার? বাংলাদেশকে এই ডিজেল প্রতি লিটার ২৫০ টাকায় কিনতে হয়। লোকসান হয় ৯০ টাকা। ২০ টাকা বাড়ানোর পরও ৭০ টাকা লোকসান দিতে হবে।’
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার