চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (IFESCU) এবং গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর মধ্যে শিক্ষা, গবেষণা, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও মাঠভিত্তিক কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) দপ্তরে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া এবং GNB-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গোমেজ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে IFESCU-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং GNB-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন একাডেমিয়া, উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে GNB-এর গবেষণা ও অন্যান্য কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।
GNB-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, IFESCU-এর শিক্ষার্থীদের গবেষণা ও ইন্টার্নশিপে সম্পৃক্ত করার পাশাপাশি Seoul National University-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরিতেও তারা উদ্যোগ নেবেন।
এই সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, প্রকল্প উন্নয়ন, মাঠভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের মনিটরিং ও অডিট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার প্রসেনজিৎ মোল্লাহ ও কন্যুনিকেশন এন্ড পার্টনারশিপ টিম-রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের টিম ম্যানেজার মো. আল-ইমরান মঞ্জু।-বিজ্ঞপ্তি
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার