
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে রিসার্চ ওয়ার্কশপ আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের গবেষণায় মনোনিবেশ করতে হবে। অনেক সময় শুধু পদোন্নতির প্রয়োজনেই গবেষণার দিকে মনোযোগ দেওয়া হয়। অথচ গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত নতুন জ্ঞান সৃষ্টি, নিজের দক্ষতা বৃদ্ধি এবং সমাজ ও বিশ্বের জ্ঞানভাণ্ডারে অবদান রাখা। তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো—আমাদের শিক্ষার্থীদের এমন মানসম্পন্ন করে গড়ে তোলা, যাতে তারা শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক কর্মবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। গবেষণার ফলাফল যেন শুধু একটি জার্নালে সীমাবদ্ধ না থাকে; বরং সেটি যেন বাস্তব জীবনে প্রয়োগ করা যায়।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি শক্তিশালী ‘রিসার্চ ইকোসিস্টেম’ তৈরি করা। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ, আর গবেষণাই জ্ঞান সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম। একজন শিক্ষক হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হওয়া উচিত পড়া ও লেখা। শিক্ষকতা শুধু পাঠদান নয়; আমাদের শিক্ষক, গবেষক এবং জ্ঞানসৃষ্টিকারী—এই তিনটি পরিচয়কে একসঙ্গে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের সদস্য প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ। কর্মশালায় চবি রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের সদস্যবৃন্দ, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশ নেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা বৃদ্ধি এবং যুগোপযোগী গবেষণা পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার