সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদানের আদেশ অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করানোর প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকছে না। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর প্রশাসনিক আদেশ অনুমোদন হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর জেলা শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে যোগদান কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
যোগদানের পর নতুন শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানো হবে। দুই মাসের প্রশিক্ষণ শেষে তারা বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণের আগে তাদের ক্লাসে পাঠানো হবে না বলে জানিয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ। প্রশিক্ষণে উত্তীর্ণ না হলে নিয়োগ বাতিল হবে কি না- এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রশিক্ষণের মূল্যায়নের কারণে কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আপাতত নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার