সর্বশেষ খবর

হালনাগাদ হচ্ছে পেনশন সংক্রান্ত তথ্য আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলেই ৯ম পে স্কেলের গেজেট

 

মন্ত্রিসভার অনুমোদনের পর এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের মূল অপেক্ষা কবে শেষ হবে ভেটিং, আর কবে প্রকাশ হবে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট। গেজেটের খসড়া এখন চূড়ান্ত পর্যালোচনা ও হালনাগাদের পর্যায়ে রয়েছে। এরপর তা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একটি মূল প্রজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য আরও ৫ থেকে ৭টি এসআরও জারির প্রস্তুতিও চলছে।
একই সঙ্গে নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের জন্য আইবাস প্লাস প্লাসে (আইবাস++) প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসংক্রান্ত তথ্য হালনাগাদ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেলের মূল সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা জটিলতা নেই। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন মূল কাজ হচ্ছে আইনি যাচাই, বিভিন্ন শ্রেণির জন্য পৃথক বিধান চূড়ান্ত করা এবং বেতন-ভাতা বাস্তবায়নের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা।
অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল নিয়ে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খসড়া পর্যালোচনা করে কোথাও কোনো অসংগতি থাকলে তা হালনাগাদ করা হচ্ছে। কাজ শেষ করে দ্রুত আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে প্রয়োজনীয় সংশোধন করে বিজি প্রেসে পাঠানো হবে।’
মন্ত্রিসভা গত ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। কিন্তু মন্ত্রিসভার অনুমোদনের পর সরাসরি গেজেট প্রকাশের সুযোগ নেই। খসড়া প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট এসআরও প্রস্তুত, আইনগত যাচাই এবং বিজি প্রেসের আনুষ্ঠানিকতা শেষ করার পরই তা প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, পে-স্কেলের কাগজপত্র অনেক বেশি। একটি মূল গেজেটের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে। এ কারণে এক পৃষ্ঠার কোনো নথির মতো দ্রুত ভেটিং করিয়ে ফেলার সুযোগ নেই। তবে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘পে-স্কেল বাস্তবায়নে কোনো জটিলতা নেই। আমরা এমনভাবে কাজ করছি, যাতে পরে বাস্তবায়নের সময় কোনো ত্রুটি বা জটিলতা তৈরি না হয়।’
গেজেটের পাশাপাশি নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস++ এ প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজও চলছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসংক্রান্ত তথ্য হালনাগাদ করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ২০১৫ সালে বর্তমান পে-স্কেল চালুর সময় আইবাস++ ছিল না। এবার নতুন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ফলে সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য ও হিসাবের কাঠামো হালনাগাদ করতে হচ্ছে। বিশেষ করে যারা ইতিমধ্যে অবসরে গেছেন, তাদের পেনশনসংক্রান্ত তথ্য আইবাস++ এ ঠিকঠাকভাবে যুক্ত ও হালনাগাদ করার প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ধরনের জটিলতা তুলনামূলক কম।
নতুন পে-স্কেলের মূল কাঠামোর পাশাপাশি বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও আর্থিক সুবিধা কীভাবে কার্যকর হবে, তা পৃথক এসআরওতে নির্ধারণ করা হবে।

 

 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন