চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ‘গৌরী’ বিউটি ক্রিম জব্দ করেছে এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। জব্দ করা এসব প্রসাধন সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।
শুক্রবার (০৭ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আগত মোহাম্মদ জাহেদ নামের এক যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে এনএসআইয়ের নেতৃত্বে বিমানবন্দর গোয়েন্দা টিম তাকে তল্লাশি করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।
অভিযুক্ত মোহাম্মদ জাহেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: A16571984।
বিমানবন্দর সূত্র জানায়, জব্দ করা প্রসাধন সামগ্রী ধ্বংসযোগ্য হওয়ায় এর বিপরীতে কোনো রাজস্ব প্রযোজ্য নয়। পণ্যগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাটি প্রথমবার হওয়ায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় ওই যাত্রীকে মুচলেকা বা মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যেকোনো ধরনের আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ, বৈদেশিক মুদ্রা পাচার রোধ এবং স্বর্ণ চোরাচালান বন্ধে বিমানবন্দর গোয়েন্দাসংস্থা ও কাস্টমসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার
