সর্বশেষ খবর

তেলের দাম জটিল পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে : তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক বাজারে তীব্র অস্থিরতা এবং জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকা লোকসান ও ভর্তুকির চাপ কমাতে সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে ‘বাধ্য হয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের অসন্তুষ্টির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বৈশ্বিক ভূ-রাজনীতি এবং সরবরাহ শৃঙ্খলের বর্তমান জটিল পরিস্থিতির কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ব্যাখ্যা দেন উপদেষ্টা। গত রোববার রাতে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায় সরকার। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়।
সংবাদ সম্মেলনে তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, ‘বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম মাঝেমধ্যে সাময়িকভাবে সামান্য কমলেও বাজার এখনও চরম ঝুঁকিপূর্ণ ও উদ্বায়ী (ভোলাটাইল)। ক্রুড অয়েলের দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে। ‘তা ছাড়া মধ্যপ্রাচ্যের (পশ্চিম এশিয়ার) লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালীতে চলমান সংকট, হুথি আক্রমণ, সৌদি আরবের তেল রপ্তানিতে সীমাবদ্ধতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেল শোধনাগার ও স্থাপনাগুলোতে ড্রোন হামলার কারণে ভবিষ্যতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও প্রকট হওয়ার তীব্র ঝুঁকি রয়েছে।’
জ্বালানি খাতে সরকারের লোকসান ও ভর্তুকির পরিমাণ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘লিটারপ্রতি ডিজেলে বিপিসির প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছিল, যার কারণে দৈনিক প্রায় ১০৯ কোটি টাকা এবং কেবল ডিজেলেই বছরে ৪০ হাজার কোটি টাকার বেশি লোকসানের হিসাব দাঁড়ায়। ‘প্রতি লিটারে দাম ২০ টাকা বাড়ানোর পরেও এখনও সরকারকে বড় অঙ্কের ভর্তুকি যোগাতে হচ্ছে। তবে লিটারে ২০ টাকা বাড়ানোর ফলে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার লোকসান কমানো সম্ভব হবে।’
চলতি অর্থবছরের বাজেটে গ্যাস ও বিদ্যুৎ খাতে যে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছিল, প্রথম আড়াই মাসেই তার অর্ধেক খরচ হয়ে গেছে বলে তথ্য দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এই হারে তেলের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসেও অনিয়ন্ত্রিত ভর্তুকি দিয়ে গেলে বছর শেষে কেবল জ্বালানি খাতেই সরকারের দেনা সোয়া এক থেকে দেড় লাখ কোটি টাকায় পৌঁছাবে। ‘এর ফলে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক জনকল্যাণমূলক খাতে অর্থ ব্যয়ের সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে পড়বে।’-বিডিনিউজ।

 

 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন